বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলীর পদত্যাগ

পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী যুক্তরাজ্যের গৃহহীনবিষয়ক মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। পূর্ব লন্ডনে নিজের মালিকানাধীন একটি টাউনহাউস থেকে ভাড়াটেদের উচ্ছেদ করে ভাড়া একলাফে ৭০০ পাউন্ড বাড়ানোর অভিযোগের পর তীব্র সমালোচনার মুখে তিনি এ সিদ্ধান্ত নেন।

বৃহস্পতিবার (৭ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয় ১০ ডাউনিং স্ট্রিট তার পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে। বিবিসির খবরে বলা হয়, ২০১০ সাল থেকে টানা টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন ও স্টেপনি আসন থেকে নির্বাচিত হওয়া রুশনারা আলী ছিলেন যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। গত বছরের নির্বাচনে পঞ্চমবারের মতো জয়ী হয়ে লেবার পার্টি সরকারে ‘হোমলেসনেস মিনিস্টার’ বা গৃহহীনবিষয়ক মন্ত্রীর দায়িত্ব পান তিনি।

সমালোচনার সূত্রপাত হয় তার মালিকানাধীন বো এলাকার একটি বাড়ি নিয়ে। সেখানে চারজন ভাড়াটে ৩,৩০০ পাউন্ড মাসিক ভাড়ায় বসবাস করছিলেন। চুক্তির মেয়াদ শেষে চার মাসের নোটিশ দিয়ে তাদের বাড়ি ছাড়তে বলা হয় এবং পরে ভাড়া বাড়িয়ে ৪,০০০ পাউন্ড নির্ধারণ করা হয়। গৃহহীন ও ভাড়াটেদের অধিকার রক্ষার দায়িত্বে থাকা একজন মন্ত্রীর পক্ষ থেকে এ পদক্ষেপ জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।

পদত্যাগপত্রে রুশনারা জানান, সরকারের কাজের পথে তার অবস্থান যেন বিভ্রান্তি সৃষ্টি না করে, সে জন্যই তিনি দায়িত্ব ছাড়ছেন। তবে ভাড়াটে অধিকার সংগঠন অ্যাকর্ন ও রেন্টার্স রিফর্ম কোয়ালিশনসহ বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনায় সমালোচনা করে ভাড়া নিয়ন্ত্রণ ও দোষ ছাড়া উচ্ছেদ নিষিদ্ধ করার মতো কঠোর আইন প্রণয়নের দাবি জানিয়েছে।

সিলেটে জন্ম নেওয়া রুশনারা আলী শৈশবে যুক্তরাজ্যে পাড়ি জমান এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।

Read Previous

অন্তর্বর্তী সরকারের এক বছর: সংস্কার, স্থিতিশীলতা ও নির্বাচনের পথে বাংলাদেশ

Read Next

বিশ্ব পর্যটন দিবস এখন ‘খ’ শ্রেণিতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular