
পর্যটন সংবাদ ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিট বিক্রির প্রথম ধাপ শুরু হয়েছে। বিশ্ব ফুটবলের সর্ববৃহৎ আসরের টিকিট কেনার সুযোগ পাচ্ছেন ভক্তরা ১০ সেপ্টেম্বর থেকে, যা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এই পর্যায়টি হচ্ছে Visa Presale Draw—শুধুমাত্র ভিসা কার্ডধারীদের জন্য উন্মুক্ত।
কীভাবে টিকিট কিনবেন?
ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইট FIFA.com/tickets থেকে টিকিট কেনার পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ধাপগুলো হলো:
১. FIFA ID তৈরি: টিকিট কেনার জন্য প্রথমেই ফিফার ওয়েবসাইটে একটি FIFA ID খুলতে হবে। এই আইডি ছাড়া টিকিট কেনা সম্ভব নয়।
২. লটারিতে আবেদন: প্রথম ধাপে টিকিট কেনা যাবে লটারির মাধ্যমে। আবেদনকারীদের মধ্য থেকে ফিফা নির্বাচিত ভক্তদের ইমেইলে জানাবে। যারা নির্বাচিত হবেন, তারা ১ অক্টোবর থেকে নির্দিষ্ট সময় স্লটের মধ্যে টিকিট কেনার সুযোগ পাবেন।
৩. পরবর্তী সুযোগ: যারা প্রথম ধাপে টিকিট কিনতে পারবেন না, তাদের জন্য চিন্তার কিছু নেই। অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে আরও কয়েক দফা লটারির মাধ্যমে টিকিট বিক্রি করা হবে। আর টুর্নামেন্ট শুরুর ঠিক আগে অবিক্রিত টিকিটগুলো ‘আগে এলে আগে পাবেন’ ভিত্তিতে ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে।
ফুটবল ইতিহাসে ২০২৬ বিশ্বকাপ হবে সবচেয়ে বড় আসর, কারণ এতে অংশ নেবে রেকর্ড ৪৮টি দল। তাই এই মহাযজ্ঞের টিকিট কিনতে ভক্তদের আগ্রহও থাকবে তুঙ্গে।
ফুটবল ভক্তদের জন্য এখনই সঠিক সময় FIFA ID তৈরি করে আবেদন করার। ভাগ্যবানদের হাতেই যাবে ২০২৬ বিশ্বকাপের মাঠে বসে খেলা দেখার স্বপ্ন পূরণের টিকিট।



