জাবি জাকসু নির্বাচন কমিশন থেকে অধ্যাপক মফিজুর সাত্তারের পদত্যাগ

পর্যটন সংবাদ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেছেন কমিশনার অধ্যাপক মফিজুর রহমান সাত্তার। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

অধ্যাপক সাত্তার, যিনি ফার্মেসি বিভাগের শিক্ষক এবং জাতীয়তাবাদী শিক্ষক পরিষদের সদস্য, জানান— নির্বাচনে সমতল মাঠ নিশ্চিত হয়নি, একাধিক অনিয়ম ঘটেছে এবং বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে। লিখিতভাবে বিষয়গুলো জানালেও কোনো প্রতিকার পাননি বলে দাবি করেন তিনি।

তার ভাষায়, “একটি মহল থেকে চাপ ছিল, তবে বিবেকের তাড়নায় আমি পদত্যাগ করেছি। ভোট গণনা ম্যানুয়ালি করা হয়েছে, যা একটি বড় ধরনের অনিয়ম।”

এর আগে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুল ইসলাম জানিয়েছিলেন, ভোট গণনায় প্রযুক্তিগত সমস্যার কারণে নতুন করে পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ফলাফল ঘোষণা স্থগিত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার পর গণনা বন্ধ হয়ে যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন পরিস্থিতি পর্যালোচনার জন্য জরুরি বৈঠক আহ্বান করে।

এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। তাদের মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেন। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া গণনা রাত সোয়া ১০টার দিকে থেমে যায়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরিস্থিতি শান্ত রাখতে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। শিগগিরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

Read Previous

কুয়াকাটা সৈকতে হোটেলের বর্জ্য সমুদ্রে ফেলার অভিযোগ, উদ্বেগ বাড়ছে পর্যটক-স্থানীয়দের

Read Next

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর টিকিট বিক্রি শুরু

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular