
পর্যটন সংবাদ ডেস্ক: বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অভিযোগ করেছেন, সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া খুন, নুরুল হক নুরের ওপর হামলা, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তুচ্ছ কারণে সংঘাত—সবই একটি বড় ষড়যন্ত্রের অংশ।
তিনি বলেন, যারা গণতন্ত্রের অগ্রযাত্রা চায় না, শিক্ষা-স্বাস্থ্য-কর্মসংস্থানে উন্নয়ন দেখতে চায় না এবং দেশকে পরনির্ভরশীল করে রাখতে চায়, তারাই এসব অস্থিরতার জন্য দায়ী।
বুধবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদপুরের নগরকান্দা উপজেলা সদরের শহীদ মুক্তিযোদ্ধা আকরামুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামা ওবায়েদ বলেন, “যতবার এ দেশে ভোটাধিকার ক্ষুণ্ন হয়েছে, গণতন্ত্র ব্যাহত হয়েছে, মানুষের অধিকার হরণ করা হয়েছে, ততবারই বিএনপি মাঠে নেমেছে।” তিনি আরও দাবি করেন, গত ১৭ বছরে বিএনপির হাজারো নেতাকর্মী গুম-খুন হয়েছেন, শত শত নেতাকর্মী এখনো মামলায় জড়িয়ে আছেন।
তিনি সতর্ক করে বলেন, “২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়। কিন্তু আওয়ামী লীগের যারা দুর্নীতির ভাগ নিয়েছে, যারা গুলি করেছে বা তার নির্দেশ দিয়েছে, তারা এখনো আমাদের চারপাশে আছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে।”
নগরকান্দা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও বক্তব্য দেন স্থানীয় বিএনপি নেতারা—সাইফুর রহমান, সৈয়দ শাহিনুজ্জামান, আলিমুজ্জামান, আশরাফ আলী মুন্সী, মাহবুব আলী মিয়া, আলমগীর হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ।



