প্রবল ঢেউয়ে কুয়াকাটা সৈকতের ব্যাপক ক্ষতি, দ্রুত স্থায়ী পদক্ষেপের আশ্বাস প্রশাসনের

পর্যটন সংবাদ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে টানা কয়েক দিনের প্রাকৃতিক তাণ্ডবে দেশের অন্যতম পর্যটন গন্তব্য কুয়াকাটা সমুদ্র সৈকত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল ঢেউয়ে সৈকতের একাধিক অংশ ভেঙে পড়েছে এবং সদ্য নির্মিত মেরিন ড্রাইভের একটি অংশ পানির তোড়ে বিলীন হয়ে গেছে।

গত রোববার (২৭ জুলাই) সন্ধ্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে আসেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার। তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. হাসনাত আরেফিন সিদ্দিকী, কুয়াকাটা পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক, পানি উন্নয়ন বোর্ডের কুয়াকাটা উপ-সহকারী প্রকৌশলী সৈয়দ তারিকুর রহমান এবং কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার।

ভাঙনের চিত্র প্রত্যক্ষ করে বিভাগীয় কমিশনার বলেন, “কুয়াকাটাকে বাঁচাতে আমরা খুব দ্রুতই টেকসই ও স্থায়ী পদক্ষেপ নেব। স্থানীয়দের নিরাপত্তা ও পর্যটন অবকাঠামো রক্ষায় প্রশাসন সর্বোচ্চ প্রস্তুত রয়েছে।”

স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, এভাবে সৈকত ভেঙে গেলে কুয়াকাটার পর্যটন শিল্প ধ্বংস হয়ে পড়বে এবং উপকূলীয় জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

পর্যবেক্ষকরা বলছেন, কুয়াকাটা সৈকতের ভাঙন নতুন নয়, তবে এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি। ফলে কুয়াকাটার পর্যটন উন্নয়নে দীর্ঘমেয়াদি সমুদ্রপ্রতিরক্ষা বাঁধ এবং আধুনিক অবকাঠামো পরিকল্পনার ওপর গুরুত্বারোপ করছেন বিশেষজ্ঞরা।

সূত্র: পর্যটন সংবাদ প্রতিবেদক, কুয়াকাটা

Read Previous

কিডনি ক্যানসার: নীরব ঘাতক, আগেভাগে শনাক্তকরণে প্রয়োজন সচেতনতা

Read Next

ঢাকায় বিলাসী জীবন, গ্রামে হতদরিদ্র অতীত—‘সমন্বয়ক’ রিয়াদের চাঁদাবাজির গল্পে তোলপাড় নোয়াখালী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular