১৮/০৪/২০২৬
৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ নিহত

পর্যটন সংবাদ ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় তিনজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আরও দুজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরাস টাউনশিপের স্প্রিং গ্রোভ এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক বিরোধের তদন্তে গিয়েই হামলার মুখে পড়ে পুলিশ।

পেনসিলভানিয়া স্টেট পুলিশের কমিশনার কর্নেল ক্রিস্টোফার প্যারিস জানিয়েছেন, হামলাকারী বন্দুকধারী পুলিশের গুলিতে নিহত হয়েছে। ঘটনার পরপরই এক আহত পুলিশ কর্মকর্তাকে হেলিকপ্টারে করে হাসপাতালে নেওয়ার দৃশ্য ছড়িয়ে পড়ে স্থানীয় গণমাধ্যমে।

এ সময় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে স্প্রিং গ্রোভ এলাকার একটি স্কুল জেলা সাময়িকভাবে ‘শেল্টার ইন প্লেস’ ঘোষণা করে। পরে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, স্কুল কোনো ক্ষতির সম্মুখীন হয়নি এবং বর্তমানে সাধারণ মানুষের জন্য কোনো সক্রিয় হুমকি নেই।

গভর্নর জোশ শাপিরো ঘটনাস্থলে পৌঁছে নিহত পুলিশদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি বলেন, “তিনজন মূল্যবান প্রাণ যারা শুধু এই কাউন্টিই নয়, পুরো অঙ্গরাজ্য ও দেশকে সেবা দিয়েছেন, আমরা তাদের হারালাম। সমাজ হিসেবে আমাদের আরও ভালো করতে হবে।” নিহতদের সম্মানে তিনি রাজ্যের সব সরকারি ভবন ও স্থাপনায় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দেন।

এদিকে, এফবিআই পরিচালক কাশ প্যাটেল জানিয়েছেন, স্থানীয় ও অঙ্গরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে তাদের এজেন্টরা তদন্ত চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় পুরো পেনসিলভানিয়া জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Read Previous

ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

Read Next

চাঁদপুরে নবজাতক দাফনকাণ্ডে হাসপাতালের কার্যক্রম বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular