চাঁদপুরে নবজাতক দাফনকাণ্ডে হাসপাতালের কার্যক্রম বন্ধ করল ভ্রাম্যমাণ আদালত

পর্যটন সংবাদ ডেস্ক: চাঁদপুর শহরে আলোচিত নবজাতক দাফনকাণ্ডের ঘটনায় দি ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি এই অভিযান পরিচালনা করেন।

এর আগে নবজাতককে কবরস্থানে নিয়ে যাওয়ার অভিযোগে হাসপাতালের ওয়ার্ড বয় ফারুক হোসেন গাজী (৪৫) গ্রেফতার হয়। বিষয়টি ভাইরাল ভিডিওর মাধ্যমে জনসমক্ষে আসার পর পুলিশ প্রশাসনের নির্দেশে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেন পৌর কবরস্থানের কেয়ারটেকার শাহজাহান মিয়াজী।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি জানান, হাসপাতালে কোনো চিকিৎসক পাওয়া যায়নি, প্যাথলজি ও ওটি কক্ষের পরিবেশও অস্বাস্থ্যকর। পোস্ট অপারেটিভ রোগীদের জন্য ন্যূনতম ব্যবস্থাও নেই। এছাড়া হাসপাতালের কাগজপত্রও নবায়ন করা হয়নি।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওটি, প্যাথলজি ও সংশ্লিষ্ট কক্ষ সিলগালা করা হয়েছে। রোগীদের ২৪ ঘণ্টার মধ্যে অন্যত্র সেবার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানের প্রতিবেদন সিভিল সার্জনের কাছে পাঠানো হবে এবং তিনি চাইলে নিবন্ধন বাতিলসহ পরবর্তী ব্যবস্থা নিতে পারবেন।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল হাসান ফয়সাল এবং জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মু. মিজানুর রহমান। এছাড়া চাঁদপুর সদর মডেল থানা পুলিশও সহযোগিতা করে।

Read Previous

পেনসিলভানিয়ায় বন্দুক হামলায় তিন পুলিশ নিহত

Read Next

বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩১ বিলিয়ন ডলার ছাড়াল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular