
রাজধানীর পল্টন এলাকায় মাদক কারবারিদের গুলিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) দুই সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালেবুর রহমান।
আহত দুই পুলিশ সদস্য হলেন সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। তাঁরা ডিবির লালবাগ বিভাগের দায়িত্বে ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ডিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ১টার পর গোপন সংবাদের ভিত্তিতে লালবাগ বিভাগের একটি টিম কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) বিপরীত পাশে রাস্তার ওপর সন্দেহভাজন একটি প্রাইভেট কার থামানোর চেষ্টা করে। এ সময় গাড়ির ভেতরে থাকা মাদক কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে এএসআই আতিক হাসান পেটের বাঁ পাশে এবং কনস্টেবল সুজন বাঁ হাঁটুতে গুলিবিদ্ধ হন।
ঘটনার পরপরই পুলিশ সদস্যরা তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। একইসঙ্গে ঘটনাস্থল থেকে তিনজন মাদক কারবারিকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করা হয়েছে।
ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।



