
পর্যটন সংবাদ ডেস্ক: এ বছর সারা দেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজা উপলক্ষে সারাদেশে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এক লাখ সশস্ত্র বাহিনী ও ৭০ হাজার পুলিশ সদস্যসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্য দায়িত্ব পালন করছেন। ঝুঁকিপূর্ণ মণ্ডপগুলোতে বিশেষ গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রতিটি পূজা মণ্ডপের নিজস্ব কমিটির সাতজন সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে স্বেচ্ছাসেবকদের এনটিএমসি অ্যাপের সঙ্গে যুক্ত করা হয়েছে। পাশাপাশি মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের প্রায় ৮০ হাজার কর্মী দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। প্রতিটি জেলায় স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে সতর্ক করে তিনি বলেন, পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি পার্বত্য চট্টগ্রামে সাম্প্রতিক ধর্ষণ ঘটনার প্রসঙ্গ টেনে বলেন, এ ঘটনার পর সৃষ্ট পরিস্থিতি সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করছেন।



