
পর্যটন সংবাদ ডেস্ক : বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর জোর দিয়েছেন। বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে আগারগাঁওয়ে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, বর্ষবরণ শুধু নতুন বছরের শুরু নয়, এটি জাতীয় পরিচয় ও সংস্কৃতিকে নতুন করে উপলব্ধি করারও দিন।
মন্ত্রী আফরোজা খানম আরও বলেন, “আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশকে বিশ্বের কাছে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে চাই। পর্যটন উন্নয়নের মাধ্যমেই এটি সম্ভব। আসুন, সবাই মিলে দেশকে ভালোবাসি, আমাদের সমৃদ্ধ সংস্কৃতিকে ধারণ করি এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই।” তিনি দেশের সার্বিক উন্নয়নে সকল নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মিজ ফাহমিদা আখতার। সভাপতিত্ব করেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মিজ সায়েমা শাহীন সুলতানা। অনুষ্ঠানে মন্ত্রণালয়, পর্যটন করপোরেশন ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এই অনুষ্ঠানটি নতুন বছরে পর্যটন খাতে নতুন প্রত্যয় ও সম্মিলিত উদ্যোগের প্রতিশ্রুতি হিসেবে বিবেচিত হচ্ছে।



