
পর্যটন সংবাদ ডেস্ক : কানাডার নতুন আইনি সংশোধনীর ফলে দেশটির নাগরিকত্ব পাওয়া এখন যেকোনো সময়ের চেয়ে সহজ হয়ে উঠেছে। বিশেষ করে কানাডীয় বংশোদ্ভূত ব্যক্তিদের জন্য এটি সবচেয়ে বড় সুযোগ। নতুন নিয়ম অনুসারে, ২০২৫ সালের ১৫ ডিসেম্বরের আগে কানাডার বাইরে জন্ম নেওয়া যেকোনো ব্যক্তি যদি প্রমাণ করতে পারেন যে তিনি কানাডীয় বংশধর, তাহলে তিনি সরাসরি নাগরিকত্বের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
এর আগে এই সুবিধা শুধু প্রথম প্রজন্মের সন্তানদের মধ্যে সীমাবদ্ধ ছিল, অর্থাৎ যাদের বাবা বা মা সরাসরি কানাডার নাগরিক। এই পরিবর্তনের পর যুক্তরাষ্ট্রে বসবাসকারী কানাডীয় বংশোদ্ভূতদের মধ্যে পারিবারিক নথিপত্র অনুসন্ধানের হিড়িক পড়ে গেছে। কুইবেকের জাতীয় গ্রন্থাগার ও আর্কাইভসের একজন সংরক্ষণবিদ গত মাসে জানিয়েছেন, তাদের কাছে এই ধরনের আবেদন ও অনুসন্ধান উল্লেখযোগ্য হারে বেড়েছে।
কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ব বিষয়ক ওয়েবসাইট অনুসারে, বর্তমানে নাগরিকত্ব সনদ পেতে গড়ে প্রায় ১০ মাস সময় লাগছে। বিশ্লেষকরা বলছেন, অনেকেই শুধু শিকড়ের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপনের জন্যই আগ্রহী নন, বরং ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর ভিন্ন রাজনৈতিক ও সামাজিক পরিবেশ খুঁজতে কানাডায় যাওয়ার আগ্রহও বাড়ছে তাদের মধ্যে।



