
প্রযুক্তি ডেস্ক | পর্যটন সংবাদ: আইফোন ১৭ সিরিজ বাজারে আসতে আর মাত্র কয়েক দিন বাকি। ৯ সেপ্টেম্বর নতুন সিরিজ উন্মোচনের আগেই পুরোনো দুটি মডেলকে ভিনটেজ তালিকায় যুক্ত করেছে অ্যাপল। এর ফলে আইফোন এক্সএস এবং আইফোন ৮ প্লাসে এখন থেকে সীমিত পর্যায়ে প্রযুক্তি ও নিরাপত্তা সুবিধা পাওয়া যাবে।
অ্যাপলের নীতিমালা অনুযায়ী, কোনো পণ্যের উৎপাদন বন্ধ হওয়ার পাঁচ থেকে সাত বছর পর সেটি ভিনটেজ তালিকায় যুক্ত হয়। তালিকায় থাকা যন্ত্র অ্যাপল স্টোর বা অনুমোদিত সার্ভিস সেন্টারে মেরামতের সুযোগ পেলেও তা নির্ভর করে যন্ত্রাংশের সহজলভ্যতার ওপর।
২০১৮ সালের সেপ্টেম্বরে বাজারে এসেছিল আইফোন এক্সএস। মাত্র এক বছর পর এর উৎপাদন বন্ধ হয়ে যায়। পাঁচ বছর পূর্ণ হওয়ায় এবার সেটি ভিনটেজ তালিকায় ঢুকল। একই সঙ্গে ভিনটেজ তালিকায় যুক্ত হলো আইফোন ৮ প্লাসও।
অন্যদিকে, অ্যাপল জানিয়েছে ২০১৭ সালে বাজারে আসা আইপ্যাড ৫–কে অবসোলিট বা অপ্রচলিত তালিকায় স্থান দেওয়া হয়েছে। এর মানে যন্ত্রটির জন্য আর কোনো ধরনের হার্ডওয়্যার সেবা দেবে না অ্যাপল। ব্যবহারকারীদের এখন ভরসা রাখতে হবে তৃতীয় পক্ষের সার্ভিস সেন্টারের ওপর। আগামী দুই বছরের মধ্যে একই অবস্থায় পড়বে আইফোন এক্সএস–ও।
অ্যাপল বলছে, প্রতিটি ডিভাইস দীর্ঘদিন টিকে থাকার মতোভাবে তৈরি করা হয়। কিন্তু নির্দিষ্ট সময় পেরোলেই পুরোনো যন্ত্রের জন্য সফটওয়্যার আপডেট ও যন্ত্রাংশের সমর্থন ধীরে ধীরে বন্ধ করা হয়। তাই পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের এখনই বিকল্প পরিকল্পনা করতে হবে।



