কুয়ালালামপুরে জুয়ার আসরে অভিযান: ৩৭৭ বাংলাদেশিসহ ৭৭০ বিদেশি আটক

পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পর্যটনকেন্দ্রিক বুকিত বিনতাং এলাকায় বিশেষ অভিযানে ৭৭০ বিদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন দপ্তর। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩৭৭ জন বাংলাদেশি। মালয়েশিয়ার জাতীয় বার্তা সংস্থা বারনামা এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, জালান বেদারা সড়কের একটি বহুতল ভবনে গোপন জুয়ার আসরের খবর পেয়ে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত টানা তিন ঘণ্টা অভিযান চালায় অভিবাসন বিভাগ। অভিযানে হতভম্ব হয়ে অনেকে ছাদে উঠে পড়েন, কেউ টেবিলের নিচে কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে লুকানোর চেষ্টা করেন। তবে শেষ পর্যন্ত সবাইকে আটক করা হয়।

অভিযান প্রসঙ্গে অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনের পরিচালক বসরি ওসমান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গত তিন সপ্তাহ ধরে বিষয়টি নজরদারিতে ছিল। অভিযানে ভবনের ভেতর সিসিটিভি পর্যবেক্ষণ ব্যবস্থাসহ অনলাইন জুয়ার সেটআপ পাওয়া গেছে। এ সময় সাতজন বিদেশিকে হাতেনাতে ধরা হয়।

আটকদের মধ্যে বাংলাদেশি ৩৭৭ জন ছাড়াও রয়েছেন মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৯ জন (পুরুষ ১৭, নারী ২) এবং অন্যান্য দেশের আটজন। আটক ব্যক্তিদের বয়স ২১ থেকে ৬৫ বছরের মধ্যে।

অভিযানের পর তাঁদের প্রাথমিকভাবে পুত্রজায়া অভিবাসন দপ্তরে নেওয়া হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য বুকিত জলিল ও লেংগেং ইমিগ্রেশন ডিপোয় স্থানান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বসরি ওসমান।

Read Previous

নতুন আইফোন আসার আগে ভিনটেজ তালিকায় পুরোনো দুটি মডেল

Read Next

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী-গ্রামবাসী সংঘর্ষে আটজন গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular