
পর্যটন সংবাদ ডেস্ক: নড়াইল-যশোর মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নিক্কন আঢ্য (৩৫) সহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
রোববার (১৪ সেপ্টেম্বর) রাত পৌনে ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার ভাঙুড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুলারামপুর হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কের ভাঙুড়া এলাকায় একটি বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে যশোরগামী ‘নড়াইল এক্সপ্রেস’ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ধাক্কার পর ট্রাকের বাঁশ বাসের সামনের কাঁচ ভেদ করে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই বসুন্দিয়া এলাকার বাসিন্দা আক্তার হোসেন মারা যান।
গুরুতর আহত অবস্থায় যশোর শহরতলীর ভেকুটিয়ার আবু জাফর এবং নড়াইলের লোহাগড়া থানাধীন লাহুড়িয়া তদন্ত কেন্দ্রের এসআই নিক্কন আঢ্যকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে আবু জাফরকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অবস্থার অবনতি হলে নিক্কন আঢ্যকে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে নড়াইল সদর হাসপাতালে পৌঁছালে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
নিহত এসআই নিক্কন আঢ্য যশোরের বাঘারপাড়া উপজেলার পুকুরিয়া গ্রামের সন্তান। তিনি বাংলাদেশ পুলিশের ৩৭ ব্যাচের আউটসাইড ক্যাডেট হিসেবে যোগদান করেন। এর আগে র্যাবেও দায়িত্ব পালন করেছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি লোহাগড়া থানার লাহুড়িয়া তদন্ত কেন্দ্রে যোগ দেন। দুর্ঘটনার দিন তিনি মুন্সিগঞ্জে আদালতে সাক্ষ্য দিয়ে ফেরার পথে প্রাণ হারান।
নিহত অপরজন আবু জাফর ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক।
দুর্ঘটনায় আহত ২৫ জনকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।



