দুর্গোৎসবকে ঘিরে ভারতে ইলিশ রপ্তানি শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: শারদীয় দুর্গোৎসব সামনে রেখে বাংলাদেশ থেকে ভারতে এ বছরের প্রথম ইলিশের চালান গেছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ পেট্রাপোলে প্রবেশ করে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম চালানের মাছ গ্রহণ করেছে কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল এবং আর জে ইন্টারন্যাশনাল। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালি এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকী ট্রেডিং।

এর আগে চলতি মাসের ৮ সেপ্টেম্বর সরকার শর্তসাপেক্ষে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ ভারতে রপ্তানির নীতিগত অনুমোদন দেয়। তবে গত বছরের তুলনায় এ বছর রপ্তানির পরিমাণ অর্ধেকেরও কম। ২০২৪ সালে অনুমতি ছিল ৩ হাজার মেট্রিক টন, পরে সেটি কমিয়ে ২ হাজার ৪২০ মেট্রিক টনে আনা হয়। এ বছর ৩৭টি প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ৫ অক্টোবরের মধ্যে সব রপ্তানি কার্যক্রম শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ধরা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। তবে প্রয়োজনে যে কোনো সময় সরকার এ কার্যক্রম বন্ধ বা অনুমতি বাতিল করতে পারবে।

বেনাপোল স্থলবন্দরের মৎস্য কোয়ারেন্টাইন কর্মকর্তা সজীব সাহা জানিয়েছেন, স্বাস্থ্য সনদ ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

Read Previous

স্কারবরো শোলে ফিলিপাইনের জাহাজে চীনের জলকামান, আহত ১

Read Next

ফিলিস্তিনকে এখনই স্বীকৃতি দেবে না জাপান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular