আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন সংবাদ: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনই স্বীকৃতি দেবে না জাপান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অটুট রাখা এবং ইসরায়েলকে আরও কঠোর অবস্থানে যেতে না দেওয়াই টোকিওর প্রধান বিবেচনা বলে জানিয়েছে জাপানি দৈনিক আসাহি।
এদিকে চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রিটেন, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া। এসব সিদ্ধান্ত ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ালেও জাপান আপাতত সতর্ক অবস্থান নিয়েছে।
আসাহি-র প্রতিবেদনে বলা হয়, আগামী ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ফাঁকে দুই রাষ্ট্র সমাধান নিয়ে বৈঠক হবে। তবে তাতে অংশ নেবেন না জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা।
এর আগে কিয়োদো সংবাদ সংস্থা জানিয়েছিল, যুক্তরাষ্ট্র কূটনৈতিকভাবে জাপানকে ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার আহ্বান জানিয়েছে। বিপরীতে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো জাপানকে স্বীকৃতির পক্ষে অবস্থান নেওয়ার জন্য তাগাদা দিয়েছেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়া মঙ্গলবার সাংবাদিকদের বলেন, “ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রশ্নে আমরা পূর্ণাঙ্গ মূল্যায়ন করছি। সময় ও প্রক্রিয়া কী হবে, সেটি বিবেচনায় আছে।”
তবে গত শুক্রবার জাতিসংঘে দুই রাষ্ট্র সমাধান নিয়ে সুনির্দিষ্ট ও সময়সীমাবদ্ধ পদক্ষেপ গ্রহণের পক্ষে ভোট দিয়েছিল জাপান। ফলে দেশটির অবস্থান পুরোপুরি নিরপেক্ষ নয়, বরং পরিস্থিতি ও কূটনৈতিক চাপের ওপর নির্ভর করছে।



