
পর্যটন সংবাদ ডেস্ক: দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্কারবরো শোল এলাকায় ফিলিপাইনের এক জাহাজে জলকামান নিক্ষেপ করেছে চীনের কোস্টগার্ড। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ঘটে যাওয়া এই ঘটনায় একজন আহত হয়েছেন বলে ফিলিপাইন কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনাটি ঘটল ঠিক এক সপ্তাহ পর, যখন চীন স্কারবরো শোলকে “জাতীয় প্রাকৃতিক সংরক্ষণ এলাকা” ঘোষণার পরিকল্পনা অনুমোদন দেয়। বিশ্লেষকরা মনে করছেন, বেইজিং আসলে ম্যানিলার প্রতিক্রিয়া পরীক্ষা করছে।
চীনের কোস্টগার্ডের দাবি, ফিলিপাইনের ১০টিরও বেশি জাহাজ তাদের জলসীমা লঙ্ঘন করে প্রবেশ করে। বিশেষভাবে সরকারি জাহাজ ৩০১৪–এর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, যা নাকি সতর্কবার্তা উপেক্ষা করে চীনা জাহাজে ধাক্কা মারে। প্রকাশিত এক ভিডিওতেও দেখা গেছে সংঘর্ষ ও জলকামান ছোড়ার দৃশ্য।
অন্যদিকে ফিলিপাইনের কোস্টগার্ড জানায়, তারা তখন ৩৫টিরও বেশি মাছ ধরার নৌকাকে সহায়তা দেওয়ার মানবিক মিশনে ছিল। নয়টি চীনা জাহাজ তাদের বাধা দেয় এবং দুটি জাহাজ সরাসরি পানি কামান ছুড়ে। এতে ফিলিপাইনের জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় ও একজন আহত হন।
ফিলিপাইনের মেরিটাইম কাউন্সিল চীনের বক্তব্যকে ভুয়া প্রচারণা বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, চীন ইচ্ছাকৃতভাবে আক্রমণাত্মক আচরণ করছে।
দক্ষিণ চীন সাগরে বাণিজ্যের পরিমাণ বছরে ৩ ট্রিলিয়ন ডলারেরও বেশি। চীন প্রায় গোটা সাগরের মালিকানা দাবি করলেও ২০১৬ সালে হেগের আন্তর্জাতিক সালিশি আদালত সেই দাবিকে অবৈধ ঘোষণা করে। তবে বেইজিং রায় মানতে অস্বীকৃতি জানায়।
স্কারবরো শোল নিয়ে ফিলিপাইন ও চীনের টানাপোড়েন বহুদিনের। এর আগে জলকামান, নৌকা ধাক্কা দেওয়া কিংবা বিপজ্জনক কাছাকাছি কৌশলের ঘটনা ঘটলেও কখনোই সশস্ত্র সংঘাতে রূপ নেয়নি।



