দুর্গাপূজায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু

পর্যটন সংবাদ ডেস্ক: দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে প্রথম চালানে এক হাজার ১৯২ কেজি ইলিশ আগরতলা স্থলবন্দরে প্রবেশ করে।

রপ্তানির কাজটি করেছে যশোরের বেনাপোলভিত্তিক প্রতিষ্ঠান মোহাতাব অ্যান্ড সন্স। প্রতি কেজি ইলিশ ১২ দশমিক ৫ মার্কিন ডলার দরে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার মেসার্স পরিতোষ বিশ্বাসের কাছে রপ্তানি করা হয়। কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বে ছিল আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স সাকিয়াত কনস্ট্রাকশন।

সাকিয়াত কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী ফারুক মিয়া জানিয়েছেন, তিন প্রতিষ্ঠানের মাধ্যমে মোট ৯০ টন ইলিশ রপ্তানির অনুমোদন মিলেছে। প্রথম চালানে প্রায় ১.২ টন মাছ গেছে, যা দুর্গাপূজা শুরুর আগের দিন পর্যন্ত ধাপে ধাপে পাঠানো হবে।

আখাউড়া মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, গুণগতমান যাচাই শেষে ইলিশ ভারতে পাঠানো হচ্ছে। তিনি জানান, গত বছরের তুলনায় এ বছর প্রতি কেজি ইলিশের দাম আড়াই ডলার বেড়েছে। ফলে রপ্তানিকারকরা বাড়তি লাভবান হওয়ার সুযোগ পাচ্ছেন।

প্রসঙ্গত, প্রতিবছর দুর্গাপূজা উপলক্ষে দেশের স্থলবন্দরগুলো দিয়ে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দিয়ে থাকে সরকার।

Read Previous

ঢাকায় শারদীয় দুর্গাপূজা: ২৫৮টি মণ্ডপে নিরাপত্তা জোরদার, নির্বিঘ্ন আয়োজনের আশ্বাস ডিএমপির

Read Next

অমর একুশে বইমেলা এবার শুরু হবে ১৭ ডিসেম্বর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular