
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকায় এবারের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ডিএমপি সদর দপ্তরে আয়োজিত প্রস্তুতি সভায় ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল এবং সবার সহযোগিতায় পূজা নির্বিঘ্নে সম্পন্ন হবে।
সভায় ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশনস) মো. শহীদুল্লাহ জানান, এ বছর রাজধানীতে মোট ২৫৮টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। মণ্ডপভিত্তিক নিরাপত্তা পরিকল্পনার পাশাপাশি আলাদা ট্রাফিক ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনও সার্বিক নিরাপত্তা থাকবে বলে জানান তিনি।
অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার দর্শনার্থীদের সুবিধার্থে রাস্তাঘাট সংস্কার ও পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্ব দেন। তিনি অগ্নি-নিরাপত্তা সংক্রান্ত পরামর্শও দেন। অন্যদিকে অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পূজামণ্ডপগুলো অরক্ষিত না রাখার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা ভুয়া তথ্য সম্পর্কে সতর্ক থাকার অনুরোধ করেন তিনি।
সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, মহানগর পূজা উদযাপন পরিষদ, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, রামকৃষ্ণ মিশন মঠসহ সংশ্লিষ্ট সংগঠনের নেতারা অংশ নেন। তারা ডিএমপির নেওয়া নিরাপত্তা ব্যবস্থার প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।



