
পর্যটন সংবাদ ডেস্ক: দু’টি আফ্রাম্যাক্স অয়েল ট্যাংকার ক্রয়ের জন্য ৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলারের ঋণসুবিধা দিয়েছে ব্র্যাক ব্যাংক এমজেএল বাংলাদেশকে। এটি বাংলাদেশের বেসরকারি ব্যাংক খাতে শিপিং ও পেট্রোলিয়াম লজিস্টিকস সেক্টরে দেওয়া সর্ববৃহৎ একক বৈদেশিক মুদ্রার অফশোর ব্যাংকিং টার্ম লোন।
চুক্তি অনুযায়ী এমজেএল বাংলাদেশ ইতোমধ্যেই তাদের বহরে যুক্ত করেছে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’, ১,১৫,৬০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন বাংলাদেশি পতাকাবাহী সর্ববৃহৎ সমুদ্রগামী জাহাজ। এছাড়া প্রতিষ্ঠানটি বর্তমানে বিশ্বখ্যাত একটি জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হওয়া দ্বিতীয় আফ্রাম্যাক্স ট্যাংকার ‘এমটি ওমেরা লিবার্টি’ কেনার প্রক্রিয়ায় রয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাজধানীর মবিল হাউজে আয়োজিত অনুষ্ঠানে এই অর্থায়ন চুক্তিতে সই করেন ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের সিইও মো. মুকুল হোসেন। অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান, এমজেএল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আজম জে. চৌধুরী এবং পরিচালক তানজিল চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই ঋণচুক্তি বাংলাদেশের শিপিং খাতের জন্য একটি ঐতিহাসিক মাইলফলক। এটি শুধু সর্ববৃহৎ ফরেন কারেন্সি অফশোর টার্ম লোনই নয়, বরং বাংলাদেশের পতাকাবাহী বহরে সর্ববৃহৎ জাহাজ যুক্ত হওয়ার দৃষ্টান্তও। তার মতে, এ উদ্যোগ সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতি দেবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, নতুন ট্যাংকার যুক্ত হওয়ায় পেট্রোলিয়াম পণ্য পরিবহনে দেশীয় সক্ষমতা বাড়বে, যা বৈদেশিক মুদ্রা সাশ্রয় এবং আয়ের ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে।



