এপেক সম্মেলনে যোগ দিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন ট্রাম্প, শি ও কিমের সঙ্গে বৈঠকের সম্ভাবনা

পর্যটন সংবাদ ডেস্ক: এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনে অংশ নিতে আগামী মাসে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও বৈঠকের সুযোগ তৈরি হতে পারে বলে জানাচ্ছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

অক্টোবরে গিয়ংজু শহরে অনুষ্ঠেয় এ সম্মেলনের ফাঁকে শি-ট্রাম্পের দ্বিপক্ষীয় আলোচনার বিষয়ে আলোচনা এগোচ্ছে, যদিও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হোয়াইট হাউস জানিয়েছে, সফরে বাণিজ্য, প্রতিরক্ষা, বেসামরিক পারমাণবিক সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রে নতুন বিনিয়োগ নিশ্চিত করার বিষয়গুলো প্রাধান্য পাবে।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জায়ে মিয়ং সম্প্রতি ট্রাম্পকে আমন্ত্রণ জানিয়ে বলেন, এপেক সম্মেলন কিম জং উনের সঙ্গে আলোচনার ক্ষেত্রও তৈরি করতে পারে। ট্রাম্প নিজেও কিমের সঙ্গে বৈঠকে আগ্রহ প্রকাশ করেছেন।

তবে সফরের প্রেক্ষাপট বেশ জটিল। সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও শি জিনপিংয়ের সম্পর্ক বাণিজ্যযুদ্ধের কারণে টানাপোড়েনে রয়েছে। যুক্তরাষ্ট্র চীনা পণ্যে বাড়তি শুল্ক আরোপের পর পাল্টা পদক্ষেপ নেয় বেইজিংও। এদিকে কিম সম্প্রতি বেইজিংয়ে শি জিনপিংয়ের সামরিক কুচকাওয়াজে অংশ নেন, যেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত ছিলেন। এই ঘটনায় ট্রাম্প প্রকাশ্যে সমালোচনা করলেও দাবি করেছেন, নেতাদের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক ভালো।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ কোরিয়ায় আসন্ন এ বৈঠক শুধু আঞ্চলিক কূটনীতি নয়, বৈশ্বিক বাণিজ্য ও নিরাপত্তার ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Read Previous

দু’টি সমুদ্রগামী অয়েল ট্যাংকার কেনায় এমজেএল বাংলাদেশকে ব্র্যাক ব্যাংকের রেকর্ড ঋণসুবিধা

Read Next

রাশিয়া-ইউক্রেন শান্তিচুক্তি: বাফার জোনে বাংলাদেশি সেনা মোতায়েনের প্রস্তাব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular