
পর্যটন সংবাদ ডেস্ক: বিদেশি পর্যটক আকর্ষণে বড় ধরনের উদ্যোগ নিতে যাচ্ছে থাইল্যান্ড। আন্তর্জাতিক ভ্রমণকারীরা থাইল্যান্ড সফরে গেলে তাদের জন্য বিনামূল্যে অভ্যন্তরীণ ফ্লাইট টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার।
পর্যটন ও ক্রীড়ামন্ত্রী সরাওয়ং থিয়েনথং জানিয়েছেন, প্রস্তাবটি আগামী সপ্তাহে মন্ত্রিসভায় তোলা হবে। অনুমোদন পেলে থাইল্যান্ড ট্যুরিজম অথরিটি (টিএটি) আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত “বাই ইন্টারন্যাশনাল, ফ্রি থাইল্যান্ড ডোমেস্টিক ফ্লাইটস” কর্মসূচি বাস্তবায়ন করবে। ভ্রমণ কার্যক্রম চলবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে।
সরকারি হিসাবে, এই উদ্যোগে একমুখী টিকিটে ১,৭৫০ বাথ এবং রিটার্ন টিকিটে ৩,৫০০ বাথ ভর্তুকি দেওয়া হবে। পর্যটকরা এয়ারলাইন্স ওয়েবসাইট বা অনলাইন ট্রাভেল এজেন্টের মাধ্যমে আন্তর্জাতিক টিকিট বুক করলে দুইটি অভ্যন্তরীণ ফ্লাইট বা একটি একমুখী টিকিট বিনামূল্যে পাবেন, সঙ্গে থাকছে ২০ কেজি লাগেজ সুবিধা।
পরিকল্পনা অনুযায়ী, ছয়টি এয়ারলাইন্স অংশীদার হিসেবে যুক্ত থাকবে—থাই এয়ারএশিয়া, ব্যাংকক এয়ারওয়েজ, নক এয়ার, থাই এয়ারওয়েজ ইন্টারন্যাশনাল, থাই লায়ন এয়ার এবং থাই ভিয়েতজেট।
সরকার আশা করছে, এ কর্মসূচির মাধ্যমে অন্তত দুই লাখ বিদেশি পর্যটককে আকৃষ্ট করা যাবে। পর্যটন মন্ত্রণালয়ের হিসাবে, সরাসরি আয় হবে ৮.৮১ বিলিয়ন বাথ এবং সামগ্রিক অর্থনৈতিক প্রভাব দাঁড়াবে প্রায় ২১.৮ বিলিয়ন বাথ।
এই উদ্যোগের মাধ্যমে পর্যটকদের শুধু ব্যাংকক বা ফুকেট নয়, বরং ইউনেস্কো স্বীকৃত শহর, জনপ্রিয় দ্বীপ এবং দেশের অন্যান্য ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থানে ভ্রমণে উৎসাহিত করা হবে।
সরাওয়ং জানান, এটি মূলত জাপানের মডেল অনুসরণে তৈরি, যেখানে দেশীয় ফ্লাইটে ভর্তুকি দিয়ে বড় শহর থেকে পর্যটকদের আঞ্চলিক গন্তব্যে নেওয়া হয়েছিল।
“অ্যামেজিং থাইল্যান্ড গ্র্যান্ড ট্যুরিজম অ্যান্ড স্পোর্টস ইয়ার ২০২৫” কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্পকে পর্যটন খাতে একটি বড় প্রণোদনা হিসেবে দেখা হচ্ছে।



