তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন, পাঁচ বিভাগে কমতে পারে তাপমাত্রা

পর্যটন সংবাদ ডেস্ক: কয়েক দিনের তীব্র গরমে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন প্রায় অচল হয়ে পড়েছে। রোদে পুড়ে ভোগান্তি বেড়েছে সাধারণ মানুষের, বিশেষ করে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কষ্ট সবচেয়ে বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রবিবার (৭ সেপ্টেম্বর) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় লক্ষ্মীপুরের রামগতিতে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল বান্দরবানে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে স্বস্তির খবর হলো, সোমবার (৮ সেপ্টেম্বর) থেকে রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দেশের অন্যান্য বিভাগে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। রাতের তাপমাত্রাও সারা দেশে প্রায় একই রকম থাকার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রায় তেমন পরিবর্তন না এলেও এর পরের ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা কমতে পারে।

এদিকে মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর কিছুটা দুর্বল এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এ কারণে আগামী কয়েক দিন দেশের প্রায় সব বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

গরমে কাহিল নগরবাসী এখন একটুখানি বৃষ্টি আর শীতল আবহাওয়ার অপেক্ষায়।

Read Previous

আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগ বন্ধ

Read Next

ডিএমপিতে বদলির ঢেউ, নতুন দায়িত্বে পদায়ন পাঁচ কর্মকর্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular