
পর্যটন সংবাদ ডেস্ক: ব্র্যাক ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদ নতুন ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও হিসেবে নিয়োগ দিয়েছে তারেক রেফাত উল্লাহ খানকে। ২ সেপ্টেম্বর ২০২৫ থেকে এ নিয়োগ কার্যকর হয়েছে।
গত ২৭ মে ২০২৫ থেকে তিনি এমডি অ্যান্ড সিইও (কারেন্ট চার্জ) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে, উদ্ভাবন ও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে এপ্রিল ২০২৫-এ তাঁকে অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর এবং হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং পদে উন্নীত করা হয়।
চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান বলেন, “ব্র্যাক ব্যাংকের ভবিষ্যৎ প্রবৃদ্ধির নেতৃত্ব দেওয়ার মতো আদর্শ লিডার হচ্ছেন তারেক রেফাত উল্লাহ খান। তাঁর ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও আস্থার ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠানে রূপ দেবে।”
দীর্ঘ ব্যাংকিং অভিজ্ঞতা
তারেক রেফাত উল্লাহ খান ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। এর আগে তিনি প্রায় তিন দশক ধরে আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক এবং ইস্টার্ন ব্যাংকে দায়িত্ব পালন করেছেন। করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে তাঁর দক্ষতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ইস্টার্ন ব্যাংকে এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিলেশনশিপ হিসেবে কাজ করার সময় অসাধারণ কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি সিইও ও চেয়ারম্যান’স অ্যাওয়ার্ড অর্জন করেন।
শিক্ষা ও প্রশিক্ষণ
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বি.কম, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.কম (মার্কেটিং) এবং এমবিএ ডিগ্রি লাভ করেন। যুক্তরাজ্যের ওমেগা পারফরম্যান্স করপোরেশন থেকে ক্রেডিট রিস্ক অ্যাসেসমেন্ট সার্টিফিকেশন এবং যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পন্ন করেন। এছাড়া ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন।
ভবিষ্যতের অঙ্গীকার
তারেক রেফাত উল্লাহ খানের নেতৃত্বে ব্র্যাক ব্যাংক নতুন এক প্রবৃদ্ধি ও উদ্ভাবনের পথে অগ্রসর হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অর্থায়নকে প্রাধান্য দিয়ে ২০০১ সালে যাত্রা শুরু করা এই ব্যাংক বর্তমানে দেশের অন্যতম দ্রুতবর্ধনশীল আর্থিক প্রতিষ্ঠান।
বর্তমানে ব্র্যাক ব্যাংকের রয়েছে ১৯১টি শাখা, ৯৭টি উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস, ১,১২১টি এজেন্ট ব্যাংকিং আউটলেট এবং দশ হাজারেরও বেশি কর্মী। ২৪ বছরে ২০ লাখেরও বেশি গ্রাহকের আস্থা অর্জন করে ব্যাংকটি দেশের সবচেয়ে বড় জামানতবিহীন এসএমই অর্থায়নকারী ব্যাংক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।



