১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-করাচি আকাশপথ চালু হতে যাচ্ছে, সম্পর্ক জোরদারে বাংলাদেশ-পাকিস্তান আলোচনায় প্রধান উপদেষ্টা ও জেনারেল মির্জা

পর্যটন সংবাদ ডেস্ক : ঢাকা ও করাচির মধ্যে সরাসরি আকাশপথ চালুর প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের যৌথ বাহিনীর জয়েন্ট চিফস অব স্টাফ কমিটির চেয়ারম্যান (সিজেসিএসসি) জেনারেল সাহির শামশাদ মির্জা। তিনি শনিবার (২৫ অক্টোবর) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ তথ্য জানান।

রবিবার (২৬ অক্টোবর) প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

জেনারেল মির্জা বলেন, পাকিস্তান বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চায়। করাচি ও চট্টগ্রামের মধ্যে নৌপথ ইতিমধ্যে চালু হয়েছে, আর আকাশপথ চালু হলে দুই দেশের বাণিজ্য ও যোগাযোগ আরও সহজ হবে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যেই ঢাকা-করাচি আকাশপথ চালু হবে।

বৈঠকে প্রধান উপদেষ্টা ড. ইউনুস বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বর্তমানে অনেক ক্ষেত্রেই বিশৃঙ্খলা সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৈশ্বিক সমন্বিত উদ্যোগ জরুরি।

উভয়পক্ষ বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেন।

এ সময় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার উপস্থিত ছিলেন।

Read Previous

মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিহত: পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ও চাকরির আশ্বাস

Read Next

বাংলাদেশি পর্যটকদের জন্য এল সালভাদর ভ্রমণ ভিসা — আবেদন থেকে অনুমোদন পর্যন্ত পূর্ণ নির্দেশিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular