
পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তবে নির্বাচনে ছাত্রশিবির নামে কোনো প্যানেল অংশ না নিলেও বিজয়ীদের শিবির পরিচয় দিয়ে প্রকাশিত কিছু সংবাদ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।
মঙ্গলবার (১০ আগস্ট) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন তাদের আমি ব্যক্তিগতভাবে অভিনন্দন জানাই। এটাই গণতন্ত্রের রীতি। তবে কিছু পত্রিকায় দেখলাম ছাত্রশিবিরের প্যানেল জয়ী হয়েছে লেখা হয়েছে। আমার জানা মতে ছাত্রশিবির নির্বাচনে অংশ নেয়নি। তাহলে মিডিয়ায় এভাবে আসছে কেন—প্রশ্ন সেখানেই।”
তিনি আরও বলেন, “জাতীয়তাবাদী ছাত্রদল আমাদের ব্যানারেই নির্বাচন করেছে। ইসলামী ছাত্র আন্দোলনসহ আরও কয়েকটি সংগঠন নিজ নামে অংশ নিয়েছে। কেউ স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে নির্বাচন করেছে। কিন্তু যারা জয়ী হয়েছেন তারা ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’-এর ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদেরকেই আমি আবারও অভিনন্দন জানাই।”



