
পর্যটন সংবাদ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেছেন, করদাতাদের সুবিধার্থে অনলাইন রিটার্ন দাখিলের সময় ব্যাংকের সঙ্গে সরাসরি সংযোগের ব্যবস্থা করা হবে। তবে এতে কোনো এনবিআর কর্মকর্তা ব্যক্তিগত তথ্য দেখতে পাবেন না।
বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীতে এনবিআরের প্রধান কার্যালয়ে আয়োজিত মিট দ্য বিজনেস শীর্ষক সেমিনারে তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, করদাতাদের বারবার ব্যাংকের হিসাব বিবরণী সংগ্রহ করতে হবে না। সিস্টেমের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য স্বয়ংক্রিয়ভাবে চলে আসবে। এতে ব্যাংকের আমানতে কোনো প্রভাব পড়বে না বরং করদাতাদের ঝামেলাও কমবে।
করপোরেট কর প্রসঙ্গে তিনি জানান, ধাপে ধাপে করপোরেট কর এখন ২০ শতাংশে নেমে এসেছে। ভবিষ্যতে রিটার্ন জমাও পুরোপুরি অনলাইন করা হবে, যাতে ব্যবসায়ীরা সহজে বিনিয়োগে আগ্রহী হন।
আয়কর ব্যবস্থার অটোমেশন প্রসঙ্গে তিনি বলেন, বেশিরভাগ টিআইএনধারী নিয়মিত রিটার্ন জমা দেন না। র্যান্ডম অডিটের মাধ্যমে করফাঁকি রোধ করা হবে। কোম্পানির ক্ষেত্রেও অন্তত এক-তৃতীয়াংশ নতুন ফাইল অডিটের আওতায় আনা হবে।
ভ্যাট প্রসঙ্গে তিনি জানান, একক হারে ভ্যাট কার্যকর করার পরিকল্পনা রয়েছে। ব্যবসায়ীরা ভ্যাট না দিলেও ভোক্তার ওপরই এর বোঝা পড়ে। এ কারণে ডিজিটাল সিস্টেমে ভ্যাট সংগ্রহ নিশ্চিত করতে কিউআর কোডভিত্তিক ব্যবস্থা চালুর কাজ চলছে।
টোব্যাকো খাতে ভ্যাট ফাঁকির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ৮৩ শতাংশ হারে ভ্যাট থাকলেও বাস্তবে আদায় হয় না। গত এক বছরে তিন হাজার অডিটে বড় অঙ্কের ভ্যাট ফাঁকির প্রমাণ মিলেছে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট এনবিআর থেকে বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগে চিঠি পাঠানো হয়, যেখানে করদাতাদের অনলাইন রিটার্নের সঙ্গে ব্যাংক সংযোগ স্থাপনের প্রস্তাব রাখা হয়। এরপর থেকেই করদাতাদের ব্যক্তিগত তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলেও এনবিআর চেয়ারম্যান বুধবারের অনুষ্ঠানে সেসব আশঙ্কা দূর করার চেষ্টা করেন।



