ট্রাম্পের দাবি—পাকিস্তান-আফগানিস্তান সংকট তিনি চাইলে “সহজেই” সমাধান করতে পারেন

পর্যটন সংবাদ ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চাইলে তিনি এই সংঘাত “খুব সহজেই” মীমাংসা করতে পারেন।

শুক্রবার (১৭ অক্টোবর) হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, “আমি বুঝতে পারছি পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়েছে বা উভয় দেশের মধ্যে সংঘাত শুরু হয়েছে। এই ধরনের পরিস্থিতি সামাল দিতে আমি পারদর্শী। ইচ্ছা করলেই এটি দ্রুত সমাধান করতে পারতাম।”

তিনি আরও বলেন, বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ব্যস্ত, তবে বিশ্বের সংঘাতপূর্ণ অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে সবসময়ই তিনি আগ্রহী। ট্রাম্পের ভাষায়, “আমি যুদ্ধ থামাতে ভালোবাসি। আমার কারণে লাখো মানুষের জীবন বেঁচেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী পর্যন্ত বলেছেন, আমি হস্তক্ষেপ না করলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিত।”

ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যসহ আটটি বড় যুদ্ধ তিনি শেষ করেছেন এবং চাইলে রাশিয়া-ইউক্রেন সংকট কিংবা আর্মেনিয়া প্রসঙ্গও সহজেই সমাধান করতে পারতেন। তাঁর মতে, সবচেয়ে বড় সাফল্য ছিল মধ্যপ্রাচ্যের বড় সংঘাতটি নিয়ন্ত্রণে আনা।

সীমান্ত উত্তেজনা ও সাময়িক যুদ্ধবিরতি

গত ১১ অক্টোবর রাতে আফগান বাহিনীর আকস্মিক হামলার পর পাকিস্তানের সীমান্ত পোস্টে উত্তেজনা ছড়িয়ে পড়ে। কয়েক দিনের সংঘাতে একাধিক পাকিস্তানি সেনা নিহত হন। পাল্টা গোলাবর্ষণে পাকিস্তানি বাহিনীর হামলায় প্রায় ২০০ আফগান তালেবান সদস্যের প্রাণহানি ঘটে।

সংঘাত তীব্র আকার নেওয়ার পর দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয়, যার মেয়াদ শেষ হয় ১৭ অক্টোবর সন্ধ্যায়। তবে কূটনৈতিক সূত্র জানিয়েছে, তালেবানের অনুরোধে যুদ্ধবিরতি আরও বাড়ানো হয়েছে।

স্থানীয় সময় শনিবার থেকে দোহায় দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে পরিস্থিতি স্থায়ীভাবে শান্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

Read Previous

শিক্ষকদের দাবিতে বিএনপির নীতিগত সমর্থন: তারেক রহমান 

Read Next

শাহজালাল বিমানবন্দরে ইমিগ্রেশন কাউন্টারে দুর্ব্যবহারে ক্ষোভ, দ্রুত ব্যবস্থা দাবিতে যাত্রীদের চাপ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular