
ফাইল ছবি
পর্যটন সংবাদ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কাউন্টারে যাত্রী হয়রানির অভিযোগ আবারও সামনে এসেছে। বিশেষ করে বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে অশালীন ও অপেশাদার আচরণের ঘটনা সাধারণ যাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
শুক্রবার সকালে মদিনা-ঢাকা ফ্লাইট অবতরণের পর ইমিগ্রেশনে বাড়তি ভিড় দেখা যায়। অন্যান্য কাউন্টারে একাধিক কর্মকর্তা থাকলেও বিজনেস ক্লাস কাউন্টারে শুরুতে দায়িত্বে ছিলেন শুধুমাত্র সুব্রত নামে এক কর্মকর্তা। যাত্রীরা অভিযোগ করেন, তিনি উদ্দেশ্যমূলকভাবে সময়ক্ষেপণ করছিলেন, ফলে লাইন দীর্ঘ হতে থাকে।
প্রায় আধা ঘণ্টা পর আরেক কর্মকর্তা আসাদ দায়িত্বে যোগ দেন। দায়িত্ব নিতেই তিনি এক প্রবীণ দম্পতির সঙ্গে উচ্চস্বরে কথা বলেন এবং রূঢ় আচরণ করেন। এসময় এক যাত্রী কারণ জানতে চাইলে তিনি প্রকাশ্যে আঙুল তুলে অপমানজনক ভাষায় কথা বলেন এবং মোবাইলে ভিডিও ধারণ শুরু করলে কটাক্ষ করে বলেন— “ছবি তুলে যা পারেন করেন, এটা আমার কাজ না, দয়া করে এসেছি।”
ঘটনাস্থলে থাকা কয়েকজন যাত্রী জানান, বিজনেস ক্লাসের যাত্রীদের সঙ্গে এমন আক্রমণাত্মক আচরণ নজিরবিহীন। এক নারী যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “যাত্রীদের সঙ্গে কীভাবে আচরণ করতে হয় সেই ন্যূনতম জ্ঞান না থাকলে এ ধরনের কর্মকর্তা ইমিগ্রেশনে রাখার মানে কী?”
যাত্রীরা দাবি জানান—
- সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে দ্রুত অপসারণ করতে হবে
- ইমিগ্রেশন কর্মকর্তাদের আচরণ ও মানসিকতা নিয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ চালু করতে হবে
- বিশেষ করে সিনিয়র নাগরিক ও বিজনেস ক্লাস যাত্রীদের মর্যাদার সঙ্গে সেবা নিশ্চিত করতে হবে
যাত্রীদের এই প্রতিবাদে আবারও সামনে এসেছে পুরোনো প্রশ্ন— “বাংলাদেশের প্রবেশদ্বার এই বিমানবন্দরে যাত্রী সেবা কেন এখনো আন্তর্জাতিক মানে পৌঁছায়নি?”
বিমানবন্দর কর্তৃপক্ষ এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি, তবে যাত্রীদের দাবি— শুধু তদন্ত নয়, দৃশ্যমান ব্যবস্থা দেখতে চান তারা।




One Comment
https://shorturl.fm/ALc55