আন্তর্জাতিক ডেস্ক | পর্যটন সংবাদ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাকে আশ্বস্ত করেছেন যে, তার ক্ষমতাকালীন সময়ে চীন তাইওয়ানে সামরিক অভিযান চালাবে না।
শুক্রবার (১৫ আগস্ট) ফক্স নিউজের এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “শি আমাকে জানিয়েছেন, আমি যতদিন প্রেসিডেন্ট থাকব, তিনি তাইওয়ান আক্রমণ করবেন না। আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। তবে তিনি এটাও বলেছেন, চীন খুব ধৈর্যশীল।”
ট্রাম্পের দায়িত্ব নেওয়ার পর জুনে দুই নেতার প্রথম ফোনালাপে এ বিষয়টি উঠে আসে। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, প্রেসিডেন্ট শির কাছ থেকে একাধিকবার ফোন পেয়েছেন, যদিও সেগুলোর সময় প্রকাশ করেননি।
চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড দাবি করে আসছে এবং প্রয়োজনে শক্তি প্রয়োগ করে দ্বীপটিকে পুনর্মিলিত করার ঘোষণা দিয়েছে। অন্যদিকে তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।
ওয়াশিংটনে চীনা দূতাবাস শুক্রবার দেওয়া এক বিবৃতিতে জানায়, তাইওয়ান ইস্যুই চীন-মার্কিন সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয়। মার্কিন সরকারকে ‘এক-চীন নীতি’ মেনে চলতে হবে এবং তিনটি চীন-মার্কিন যৌথ ঘোষণার প্রতি অঙ্গীকারবদ্ধ থাকতে হবে।
তবে ট্রাম্পের মন্তব্যের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তাইওয়ান সরকার। শনিবার শাসক দল ডেমোক্র্যাটিক প্রগ্রেসিভ পার্টির জ্যেষ্ঠ আইনপ্রণেতা ওয়াং টিং-ইউ বলেন, “আমরা প্রধান মিত্রদের সমর্থনের জন্য কৃতজ্ঞ। কিন্তু নিরাপত্তা কখনো শত্রুর প্রতিশ্রুতির ওপর নির্ভর করতে পারে না, আবার কেবল বন্ধুদের সহায়তার ওপরও নয়। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করাই মূল বিষয়।”
এদিকে, ট্রাম্প জানিয়েছেন তিনি শিগগিরই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন।



