১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এয়ার কানাডার ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে বিশ্বজুড়ে যাত্রী ভোগান্তি

পর্যটন সংবাদ ডেস্ক: বেতন বৃদ্ধির দাবিতে ফ্লাইট অ্যাটেনডেন্টদের ধর্মঘটে কানাডার জাতীয় বিমান সংস্থা এয়ার কানাডার কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে প্রতিদিন প্রায় এক লাখ ৩০ হাজার যাত্রীর ভ্রমণ পরিকল্পনা অনিশ্চয়তার মুখে পড়েছে।

শনিবার এএফপির এক প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় সময় সকাল থেকে শুরু হওয়া এ ধর্মঘটে সংস্থাটির সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। শুধুমাত্র শনিবারের ফ্লাইট সূচিতে থাকা ৭০০টির বেশি ফ্লাইট বন্ধ ঘোষণা করা হয়েছে।

এয়ার কানাডার ১০ হাজার ফ্লাইট অ্যাটেনডেন্টের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডিয়ান ইউনিয়ন অব পাবলিক এমপ্লয়িজ (সিইউপিই) নিশ্চিত করেছে, তাদের সদস্যরা আনুষ্ঠানিকভাবে ধর্মঘট শুরু করেছেন। মূল দাবি হচ্ছে—ন্যায্য বেতন বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশ।

কর্তৃপক্ষ যাত্রীদের উদ্দেশে বিবৃতিতে বলেছে, ফ্লাইট সম্পূর্ণ স্থগিত থাকায় তারা যেন বিমানবন্দরে না যান। একই সঙ্গে যাত্রীদের অসুবিধার জন্য গভীর দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

এর আগে বুধবার সিইউপিই ধর্মঘটের ডাক দিলে সম্ভাব্য ভোগান্তি সামাল দিতে এয়ার কানাডা ধীরে ধীরে তাদের কার্যক্রম সীমিত করছিল। শুক্রবার রাতেই বিভিন্ন রুটে ৬০০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়।

বর্তমানে এয়ার কানাডা বিশ্বের ১৮০টি শহরে সরাসরি ফ্লাইট পরিচালনা করে। সংস্থাটির হঠাৎ কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক ভ্রমণ বাজারে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Read Previous

ট্রাম্পকে আশ্বাস শি জিনপিংয়ের: প্রেসিডেন্ট থাকাকালে তাইওয়ান আক্রমণ নয়

Read Next

টাইফয়েড টিকাদান কর্মসূচি এক মাস পিছিয়ে, শুরু ১২ অক্টোবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular