
পর্যটন সংবাদ প্রতিবেদক: দেশের ট্রাভেল এজেন্টদের শীর্ষ সংগঠন অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব)–এর বর্তমান কার্যনির্বাহী কমিটি বাতিল ঘোষণা করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সংগঠনের অভ্যন্তরে অনিয়ম, দুর্নীতি এবং অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে উল্লেখ করা হয়, আটাবের বর্তমান কমিটি অবৈধ ভোটের মাধ্যমে নির্বাচিত হয়েছে। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, ‘আটাব অনলাইন’ নামে একটি প্ল্যাটফর্ম চালু করে শেয়ারহোল্ডারদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে ইতোমধ্যে সংগঠনের সভাপতি ও মহাসচিবের বিরুদ্ধে মানববন্ধনের মতো কর্মসূচিও পালিত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ‘আটাব সংস্কার পরিষদ’ নামে একটি পক্ষ প্রশাসক নিয়োগের আবেদন করে, যার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়।
বাণিজ্য সংগঠন আইন, ২০২২–এর ১৭ ধারা অনুযায়ী, আটাবের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল করে বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মোতাকাব্বীর আহমেদকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রশাসক হিসেবে মোতাকাব্বীর আহমেদ আগামী ১২০ দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচন কমিশন গঠন ও একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবেন। নির্বাচনের মাধ্যমে নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণের পর তিনি তা বাণিজ্য মন্ত্রণালয়কে অবহিত করবেন।
অফিস আদেশের অনুলিপি যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদফতর, জেলা প্রশাসক (ঢাকা), এফবিসিসিআই ও আটাবের বর্তমান দপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থায় পাঠানো হয়েছে।
সাবেক সভাপতির প্রতিক্রিয়া
এ বিষয়ে আটাবের সাবেক সভাপতি আব্দুস সালাম আরেফ বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত হাস্যকর, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। মন্ত্রণালয় আইনি এখতিয়ার ছাড়াই প্রভাবিত হয়ে আদেশ দিয়েছে।”
তিনি আরও জানান, “আমরা সরকারের কাছে এই আদেশের বিরুদ্ধে আপিল করব। আশা করছি সরকার বিষয়টি পুনর্বিবেচনা করবে। না হলে আইনি ব্যবস্থা গ্রহণে বাধ্য হব।”



