
কক্সবাজার প্রতিনিধি | পর্যটন সংবাদ: কক্সবাজারের টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া এলাকার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের আস্তানা থেকে নারী, পুরুষ ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে নৌবাহিনী ও কোস্টগার্ড। উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে অনেকেই রোহিঙ্গা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীদের গোপন আস্তানা থেকে জিম্মি থাকা ৬৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়। তবে অভিযানের খবর টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
উদ্ধার হওয়া ব্যক্তিরা জানিয়েছেন, কয়েকটি সংঘবদ্ধ চক্র উচ্চ বেতনের চাকরি, ভালো কর্মসংস্থানের সুযোগ এবং বিনা খরচে বিদেশ পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে তাদের প্রলোভনে ফেলে। পরে টেকনাফের পাহাড়ি এলাকায় আটকে রেখে মালয়েশিয়া পাচারের প্রস্তুতি নেয়া হচ্ছিল। অনেকের কাছ থেকে মুক্তিপণ আদায়েরও চেষ্টা করছিল পাচারকারীরা।
নৌবাহিনী ও কোস্টগার্ড জানায়, পাচারকারিদের গ্রেপ্তারের জন্য অভিযান ও গোয়েন্দা নজরদারি চলমান আছে। মানব পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



