টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

পর্যটন সংবাদ প্রতিবেদক: সুনামগঞ্জের অনন্য প্রাকৃতিক জলাভূমি টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে জেলা প্রশাসন। হাওরের ওয়াচ-টাওয়ার ও এর আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত পর্যটকবাহী হাউসবোট চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২২ জুন) রাতে সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের সুরক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো কার্যক্রম থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

এই নির্দেশনা জারি করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (রুটিন দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ রেজাউল করিম।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাওরের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে হাউসবোট চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, জেলার অন্যান্য পর্যটন এলাকায় ভ্রমণের সময়ও প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কেউ এই নির্দেশনা লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয় সচেতন মহল। পরিবেশ ও হাওর উন্নয়ন সংগঠনের সভাপতি কাশমির রেজা বলেন, “টাঙ্গুয়ার হাওর একটি প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা। প্রতি বর্ষায় জলজ প্রাণী ও পাখিদের প্রজননকাল চলাকালে অতিরিক্ত নৌযান চলাচল পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই এমন উদ্যোগ প্রশংসনীয়।”

তিনি আরও জানান, গত দুই দশকে টাঙ্গুয়ার হাওরের প্রায় ৭০ শতাংশ জীববৈচিত্র্য হারিয়ে গেছে, যদিও এ বিষয়ে এখনো পর্যাপ্ত গবেষণা হয়নি। তার দাবি, জীববৈচিত্র্য সংরক্ষণে সরকার যেন আরও গবেষণাভিত্তিক কার্যক্রম গ্রহণ করে।

টাঙ্গুয়ার হাওর শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি জীববৈচিত্র্যে ভরপুর প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ রক্ষায় প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ পরিবেশবান্ধব পর্যটনের দিকেই ইঙ্গিত দিচ্ছে।

Read Previous

জিপি স্টার গ্রাহকদের জন্য ফার্স্টট্রিপের বিশেষ ট্রাভেল অফার

Read Next

ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular