ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেপ্তার

পর্যটন সংবাদ ডেস্ক:ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মনিরুল মাওলাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২২ জুন) রাত পৌনে ১২টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

ডিবি দক্ষিণ বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ৫ জানুয়ারি গোয়েন্দা সংস্থার সহায়তায় ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। এরপর প্রতিষ্ঠানটির পক্ষ থেকে নানা কৌশলে ব্যাংকটি থেকে বিপুল অঙ্কের অর্থ—প্রায় ৯১ হাজার কোটি টাকা—বের করে নেওয়ার তথ্য পেয়েছে বাংলাদেশ ব্যাংক। অভিযোগ রয়েছে, এসব অর্থ অনুমোদনের সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন মনিরুল মাওলা।

ব্যক্তিগতভাবে এস আলম পরিবারের সঙ্গে সখ্যতা গড়ে ওঠায় ব্যাংকটির নিয়ন্ত্রণ বদলের পরও তাঁকে গুরুত্বপূর্ণ পদে বহাল রাখা হয়। তবে ২০২4 সালের ৫ আগস্ট সরকার পতনের পর ব্যাংকের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা আত্মগোপনে গেলেও মনিরুল মাওলা অবস্থান করছিলেন দৃশ্যমানভাবে। পরবর্তীতে পরিচালনা পর্ষদের চাপে তাঁকে ছুটিতে পাঠানো হয়।

দুদকের মামলায় এবার তাঁর গ্রেপ্তারের মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের আলোচিত অর্থ কেলেঙ্কারিতে নতুন মাত্রা যুক্ত হলো।

Read Previous

টাঙ্গুয়ার হাওরে হাউসবোট চলাচলে নিষেধাজ্ঞা, জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে প্রশাসন

Read Next

প্রাণ গ্রুপের নতুন রেস্তোরাঁ চেইন ‘ডেইলি দাওয়াত’: বাংলা খাবারে উৎসবের স্বাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular