১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিওর সফটওয়্যার ত্রুটিতে আমানতকারীদের ভোগান্তি, ৫ মাস ধরে বন্ধ অর্থ উত্তোলন

পর্যটন সংবাদ ডেস্ক: ঢাকা জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ডাকঘর সঞ্চয় ব্যাংকের সফটওয়্যার ত্রুটির কারণে গত পাঁচ মাস ধরে অনেক আমানতকারী তাদের মেয়াদি হিসাবের (এফডি) আসল ও মুনাফা তুলতে পারছেন না। একই সমস্যা জিপিওর আওতাধীন বিভিন্ন সাব–পোস্ট অফিসেও দেখা দিয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ‘স্ট্রেনদেনিং পাবলিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি’ (এসপিএফএমএস) প্রকল্পের আওতায় পরিচালিত অনলাইন সিস্টেমটি মার্চ থেকে অনিয়মিতভাবে মুনাফা হিসাব দেখাচ্ছে। কারও ক্ষেত্রে নির্ধারিত মুনাফার চেয়ে কম দেখাচ্ছে, আবার কারও ক্ষেত্রে বেশি। ফলে ডাকঘরগুলো গ্রাহকদের অর্থ পরিশোধ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।

ঢাকা জিপিও থেকে পাঠানো একাধিক চিঠিতে বলা হয়েছে, সফটওয়্যার ত্রুটির কারণে গ্রাহকদের মাঝে অসন্তোষ বাড়ছে এবং দাপ্তরিক বিব্রতকর পরিস্থিতি তৈরি হচ্ছে। ভুক্তভোগীদের কেউ কম মুনাফা দেখানোর কারণে টাকা তুলতে পারছেন না, আবার কারও ক্ষেত্রে বেশি দেখানোয় অর্থ বিতরণ আটকে আছে।

পোস্টমাস্টার জেনারেল (কেন্দ্রীয় সার্কেল) মো. আলতাফুর রহমান জানান, সমস্যা ডাক বিভাগের নয়, বরং সিস্টেমের দুর্বলতা। অন্যদিকে এসপিএফএমএসের জাতীয় কর্মসূচির পরিচালক বিলকিস জাহান রিমি দাবি করেছেন, সিস্টেমে বড় কোনো সমস্যা নেই; বিচ্ছিন্ন সমস্যাগুলো সমাধানে তারা কাজ করছেন।

অর্থ না পেয়ে অনেক গ্রাহক প্রতিদিন ডাকঘরে ভিড় করছেন, সৃষ্টি হচ্ছে বিশৃঙ্খলা। কবে এ ভোগান্তির অবসান হবে, তা এখনো অনিশ্চিত।

Read Previous

মার্কিন শুল্ক বিতর্কের প্রেক্ষাপটে ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা আপাতত স্থগিত

Read Next

সবজি-মুরগির বাজার চড়া, ইলিশের দামে স্বস্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular