
পর্যটন সংবাদ ডেস্ক: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেন, “পৃথিবীর সর্বনাশের জন্য যারা দায়ী, তারা আমরা সবাই—এই সভাতেই উপস্থিত।” তিনি পরিবেশ ধ্বংসের জন্য মানবজাতিকে দোষারোপ করে বলেন, “আমরা সবাই আসামি।”
বুধবার (২৫ জুন) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের প্রাচীন কবিরা যেমন বলতেন—সাগরের সব পানি যদি কালি হত, আর বনের সব গাছ যদি কলম হত, তবুও এই অপরাধের বিবরণ শেষ করা যেত না। সেই অপরাধই আমরা প্রতিদিন করে যাচ্ছি। প্রকৃতির উপর আমরা যে আচরণ করছি, তা ক্ষমার অযোগ্য।”
ড. ইউনূস আরও বলেন, “বর্তমান পৃথিবী যুদ্ধবিগ্রহ, প্রযুক্তির অপব্যবহারসহ নানা সংকটে জর্জরিত। কিন্তু সবচেয়ে ভয়াবহ সংকট হলো—জলবায়ু পরিবর্তন। এটা প্রকৃতির দোষ নয়, বরং মানুষের দায়। আমরা প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার বদলে, তাকে ধ্বংস করছি।”
তিনি সতর্ক করে বলেন, “জলবায়ু সংকট এখন দৈত্যকার রূপ নিচ্ছে। সে আমাদের হুঁশিয়ার করে বলছে—হয় আমরা থাকব, না হয় প্রকৃতি। একসঙ্গে থাকা সম্ভব নয়।”
বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্য শুধু পরিবেশ আন্দোলনের জন্যই নয়, ভবিষ্যৎ টেকসই পর্যটনের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ পর্যটন খাত প্রকৃতি ও পরিবেশের উপর নির্ভরশীল, এবং জলবায়ু পরিবর্তন এই খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় সামাজিক সচেতনতা ও উদ্যোগ বাড়ানোর ওপর জোর দেন ড. ইউনূস, যার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।প



