
পর্যটন সংবাদ ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের সমুদ্র অঞ্চলগুলোকে কেন্দ্র করে পর্যটন খাতের দীর্ঘমেয়াদি, টেকসই ও পরিকল্পিত উন্নয়নে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সম্ভাব্য অর্জনের বিষয়গুলো বিবেচনায় রেখে এসব উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
বুধবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
তিনি জানান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ করছে। এ মহাপরিকল্পনায় কুয়াকাটার প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ এবং পর্যটন খাতের সামগ্রিক উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি পটুয়াখালী জেলার কুয়াকাটা ও চট্টগ্রাম জেলার পতেঙ্গা-আনোয়ারা সমুদ্র সৈকতের মৌলিক সুবিধাদি উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্পের সম্ভাব্যতা যাচাই চলছে।
প্রধানমন্ত্রী আরও বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উদ্যোগে কুয়াকাটা সংলগ্ন সাতটি উপজেলা নিয়ে ‘পায়রা-কুয়াকাটা কমপ্রিহেনসিভ প্ল্যান ফোকাসিং অন ইকো-টুরিজম’ শীর্ষক একটি বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালি, বরগুনা সদর, পাথরঘাটা, আমতলী ও তালতলী উপজেলা অন্তর্ভুক্ত রয়েছে। বর্তমানে এ পরিকল্পনার ‘অ্যাকশন এরিয়া প্ল্যান’ প্রণয়নের কাজ চলছে।
তিনি আশা প্রকাশ করেন, অ্যাকশন এরিয়া প্ল্যানের পর্যটন সংশ্লিষ্ট অংশ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। পরিকল্পনাটি চূড়ান্ত হলে কলাপাড়া উপজেলার কুয়াকাটায় পর্যটন খাতের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তিনি উল্লেখ করেন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। দিনের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
সূত্র: বাসস



