
পর্যটন সংবাদ প্রতিবেদক: পর্যটনকেন্দ্র কুয়াকাটায় সমুদ্রস্নানের সময় ঢেউয়ের তোড়ে ডুবে গিয়ে প্রাণ হারিয়েছেন সামাদ সিদ্দিকী পারভেজ (১৭) নামে এক তরুণ পর্যটক। মঙ্গলবার (আগস্ট) বেলা আড়াইটার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
সামাদ মাগুরা সদর উপজেলার পশ্চিবাড়ীয়ালা হাজীপুর গ্রামের আলীউল ইসলামের ছেলে। তবে তারা বর্তমানে খুলনা শহরের খালিশপুর এলাকায় বসবাস করছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সামাদসহ খুলনা থেকে ৭ জন তরুণের একটি দল সোমবার কুয়াকাটা ভ্রমণে আসে এবং হোটেল সৈকতে ওঠে। মঙ্গলবার সকাল ১১টার দিকে তারা সৈকতের জিরো পয়েন্টে সাগরে গোসলে নামেন। একপর্যায়ে সামাদ ঢেউয়ের তোড়ে তলিয়ে যান এবং নিখোঁজ হন।
কলাপাড়া ফায়ার সার্ভিসের লিডার শাহাদাৎ হোসেন বলেন, “আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করি। প্রায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
এ বিষয়ে কুয়াকাটা নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিকাশ মন্ডল জানান, “মরদেহ বর্তমানে নৌ-পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা পৌঁছালে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই মর্মান্তিক ঘটনায় পর্যটকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন পর্যটকদের সমুদ্রস্নানের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।



