মালয়েশিয়ায় কেএলআই-১ বিমানবন্দরে ২৬ বাংলাদেশি আটক: ভ্রমণ ভিসায় অনুপ্রবেশের চেষ্টা

পর্যটন সংবাদ ডেস্ক: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর কেএলআই-১-এ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ২৬ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (AKSEM)। মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ঢাকা থেকে দুটি ভিন্ন ফ্লাইটে পৌঁছানোর পর আন্তর্জাতিক আগমন গেটেই তাদের আটক করা হয়।

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ সংস্থা একেপিএস বুধবার (৬ আগস্ট) এক বিবৃতিতে জানায়, আগত বাংলাদেশিদের আচরণে সন্দেহ হলে তাৎক্ষণিকভাবে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশির জন্য এজেন্সি অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, আটক ব্যক্তিরা ভ্রমণ ভিসা নিয়ে এলেও মালয়েশিয়ায় প্রবেশের পেছনে কোনো যৌক্তিক বা বিশ্বাসযোগ্য উদ্দেশ্য উপস্থাপন করতে ব্যর্থ হন। যার ফলে তাদের প্রবেশে অনুমতি না দিয়ে দ্রুত ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

একেপিএস আরও জানায়, আন্তর্জাতিক বিমানবন্দরসহ দেশের প্রধান প্রবেশপথগুলোতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা দেশটির জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার জন্য হুমকি স্বরূপ। তাই সীমান্ত নিরাপত্তা জোরদার করতে গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও তীব্র করা হয়েছে।

সংস্থাটি বলছে, ভ্রমণ ভিসার সুবিধা নিয়ে কাজের সন্ধানে মালয়েশিয়ায় ঢোকার প্রবণতা দিন দিন বাড়ছে। বাংলাদেশসহ একাধিক দেশের নাগরিকদের মধ্যে এই প্রবণতা দেখা যাচ্ছে। এ বাস্তবতায় কেএলআই-১ ও কেএলআই-২ বিমানবন্দরসহ দেশের বিভিন্ন স্থলবন্দর ও বিমানবন্দরে নজরদারি আরও জোরদার করা হচ্ছে।

পর্যটন সচেতনতা ও নিরাপত্তার স্বার্থে সকল যাত্রীকে বৈধ কাগজপত্র ও উদ্দেশ্যসহ ভ্রমণের অনুরোধ জানাচ্ছে মালয়েশীয় কর্তৃপক্ষ।

Read Previous

কুয়াকাটায় সমুদ্রস্নানে নেমে তরুণ পর্যটকের মৃত্যু

Read Next

বিমানের ব্যাংককগামী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, মিয়ানমার থেকে ঘুরে ফিরে এলো ঢাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular