কাপ্তাই হ্রদের সম্পদ রক্ষায় অভিযান: রাঙামাটিতে ৩০০ কেজি অবৈধ মাছ জব্দ

রাঙামাটি প্রতিনিধি, পর্যটন সংবাদ:রাঙামাটি থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৩০০ কেজি অবৈধভাবে ধরা কাপ্তাই হ্রদের মাছ জব্দ করেছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। বুধবার (২ জুলাই) রাতে শহরের মানিকছড়ি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে জব্দকৃত মাছের মধ্যে ছিল ২৪০ কেজি কেচকি ও ৩৫ কেজি আইড়। মাছগুলো অবৈধভাবে কাপ্তাই হ্রদ থেকে আহরণ করে পাচার করার চেষ্টা চলছিল। অভিযান টের পেয়ে বাসচালক পালিয়ে যায়। পরে মাছগুলো যথাযথ নিয়মে নিলামের মাধ্যমে ৬৩ হাজার টাকায় বিক্রি করা হয় এবং বাসটি বিএফডিসির হেফাজতে নেয়া হয়।

রাঙামাটি বিএফডিসি কমান্ডার ফয়েজ আল করিম জানান, “এই হ্রদের মাছ আমাদের জাতীয় সম্পদ। হ্রদে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে কেউ যেন নিয়ম ভেঙে শিকার না করে, সে লক্ষ্যে আমরা সর্বদা তৎপর। এই অভিযান তারই একটি অংশ।”

তিনি আরও বলেন, “পর্যটকদের কাছে আকর্ষণীয় এই কাপ্তাই হ্রদ শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের নয়, মাছ সম্পদেরও এক গুরুত্বপূর্ণ ভাণ্ডার। তাই হ্রদের জীববৈচিত্র্য ও মাছের প্রজনন নিশ্চিত করতে সকল ব্যবসায়ী ও স্থানীয়দের সচেতন থাকতে হবে।”

এই ধরনের অভিযান কাপ্তাই হ্রদের পরিবেশ ও পর্যটন ব্যবস্থাকে রক্ষা করতে সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করছেন পরিবেশ ও পর্যটন সচেতন মহল।

Read Previous

কক্সবাজার আকাশপথে বিপদ রুখে দিলেন জাহিদুল, বেবিচকের শ্রেষ্ঠ স্বীকৃতি তার ঝুলিতে

Read Next

সরকারি-বেসরকারি স্কুল-কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান’ ও ‘জুলাই শহীদ’ দিবস উদযাপনের নির্দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular