
পর্যটন সংবাদ ডেস্ক: কক্সবাজার বিমানবন্দরে দায়িত্বপালনকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও পেশাগত দক্ষতার অসাধারণ উদাহরণ স্থাপন করলেন অ্যারোড্রামা কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। সম্প্রতি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সম্ভাব্য দুর্ঘটনা প্রতিহত করায় তাকে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।
২ জুলাই (বুধবার) বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা তুলে দেন।
ঘটনার সূত্রপাত হয় কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিবিসি-৪৩৬ (এস২-এজেডব্লিউ) ফ্লাইটটি উড্ডয়নের পর, যখন এর পেছনের একটি চাকা বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে যায়। দায়িত্বে থাকা মো. জাহিদুল ইসলাম তাৎক্ষণিকভাবে বিষয়টি শনাক্ত করেন এবং পাইলটকে সতর্ক করেন। একই সঙ্গে তিনি কাছাকাছি থাকা ইউবিজি-১৪৮ ফ্লাইটের (এস২-এজেডব্লিউ) সঙ্গে দ্রুত সমন্বয় করে নিশ্চিত হন যে চাকা বিচ্ছিন্ন হয়েছে বিবিসি-৪৩৬ ফ্লাইটেরই।
বিন্দুমাত্র দেরি না করে জাহিদুল ইসলাম জরুরি প্রটোকল অনুসরণ করে বিমানের গতিপথ পরিবর্তনের ব্যবস্থা নেন এবং নিরাপদে তা চট্টগ্রাম টাওয়ারের নিয়ন্ত্রণে হস্তান্তর করেন।
তার সচেতনতা ও দক্ষ সিদ্ধান্ত গ্রহণের কারণে একটি সম্ভাব্য বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়। বেবিচকের মতে, এ ধরনের তৎপরতা ও পেশাগত নিষ্ঠা দেশের বিমান চলাচল ব্যবস্থাপনায় আস্থা ও নিরাপত্তার স্তরকে আরও শক্তিশালী করে।
এ ঘটনার মাধ্যমে কক্সবাজার বিমানবন্দর আবারও প্রমাণ করল, শুধু প্রাকৃতিক সৌন্দর্যের নয়, পেশাদারিত্বের ক্ষেত্রেও এটি দেশের অন্যতম নিরাপদ ও নির্ভরযোগ্য একটি গন্তব্য।



