১৭/০৪/২০২৬
৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাতারে ইসরায়েলি হামলায় ক্ষোভ, আরব-ইসলামিক সম্মেলনের কঠোর নিন্দা

পর্যটন সংবাদ ডেস্ক: দোহায় অনুষ্ঠিত আরব-ইসলামিক সম্মেলনে কাতারের ওপর ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। সোমবারের (১৫ সেপ্টেম্বর) যৌথ ঘোষণায় এই হামলাকে আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে উল্লেখ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ইসরায়েল কাতারে কাপুরুষোচিত ও বেআইনি হামলা চালিয়েছে, যা আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে দুর্বল করছে। সদস্য রাষ্ট্রগুলোকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলা হয়েছে।

সম্মেলনে কাতারের সংযমী ও নীতিগত অবস্থানের প্রশংসা করে দোহাকে পূর্ণ সমর্থন জানানো হয়। এর আগের দিন পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকেও বলা হয়েছিল, কাতারের নিরাপত্তা আরব ও ইসলামি বিশ্বের জাতীয় নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ। ইসরায়েলের এই হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে আখ্যা দেওয়া হয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই সম্মেলন আরব-ইসলামিক বিশ্বের ঐক্য ও সংহতির প্রতিফলন। তিনি ইসরায়েলের কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ বলে উল্লেখ করেন।

গত ৯ সেপ্টেম্বর দোহায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নিতে আসা হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা চালায়। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, তারা হামাসের নেতৃত্বকে লক্ষ্যবস্তু করেছে। তবে হামাসের অভিযোগ, এই হামলা প্রমাণ করে নেতানিয়াহুর সরকার কোনো সমঝোতা চায় না, বরং আলোচনাকে ভণ্ডুল করার চেষ্টা করছে।

Read Previous

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চিকিৎসার জন্য সিঙ্গাপুরে

Read Next

যশোরে শারদীয় দুর্গাপূজা: প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা বাধ্যতামূলক করলেন এসপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular