
পর্যটন সংবাদ ডেস্ক: বাংলাদেশের মোবাইল আর্থিক সেবা (এমএফএস) খাতে প্রতিযোগিতা জোরদার করতে রাষ্ট্রীয় মালিকানাধীন সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ-কে বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত ক্যাশলেস বাংলাদেশ সামিট ২০২৫-এ প্রধান অতিথির বক্তব্যে গভর্নর বলেন, “বর্তমানে ডাক বিভাগের অধীনে পরিচালিত নগদকে আর সেখানে রাখা সম্ভব নয়। ডাক বিভাগের এ খাত চালানোর সক্ষমতা নেই। তাই বেসরকারি বিনিয়োগকারী এবং বিশেষ করে একটি প্রযুক্তি কোম্পানিকে প্রধান শেয়ারহোল্ডার হিসেবে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।”
তিনি আরও জানান, ইতোমধ্যে নগদের ভেতরে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। ভুয়া ও অকার্যকর প্রায় দেড় কোটি হিসাব বন্ধ করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি পুনর্গঠনের প্রক্রিয়ায় রয়েছে।
গভর্নর আশা প্রকাশ করে বলেন, “নগদকে আমরা নতুনভাবে দাঁড় করাতে চাই, যেন এটি বিকাশের মতোই শক্ত প্রতিযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।”
বাংলাদেশে বর্তমানে বিকাশ ছাড়া বড় আকারে কার্যক্রম পরিচালনাকারী আর কোনো এমএফএস নেই। বিশেষজ্ঞরা মনে করছেন, নগদ বেসরকারি হাতে গেলে বাজারে নতুন বিনিয়োগ আসবে, যা ডিজিটাল লেনদেন ও পর্যটনসহ বিভিন্ন খাতে অর্থনৈতিক গতিশীলতা তৈরি করবে।



