
পর্যটন সংবাদ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার ওমরাহ পালনকারী যাত্রী এবং বিদেশগামী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যাগেজ সুবিধা ঘোষণা করেছে। এখন থেকে তারা অভ্যন্তরীণ রুটে সর্বমোট ৪০ কেজি পর্যন্ত চেক-ইন ব্যাগেজ বহনের সুযোগ পাবেন।
সংস্থাটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাধারণত যাত্রীরা ২০ কেজি চেক-ইন ব্যাগেজ ও ৭ কেজি হ্যান্ড ব্যাগেজ বহনের সুবিধা পান। তবে নতুন এ উদ্যোগের ফলে ওমরাহ যাত্রী ও বিদেশগামী শিক্ষার্থীরা অতিরিক্ত ২০ কেজি ব্যাগেজ বিনামূল্যে বহন করতে পারবেন।
নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, “যাত্রীসেবার মান উন্নয়ন ও ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় এবং সাশ্রয়ী করতে আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। এ কারণেই বিশেষ এই ব্যাগেজ সুবিধা চালু করা হয়েছে।”
বর্তমানে নভোএয়ার প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সৈয়দপুর ও সিলেট রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করছে।



