
পর্যটন সংবাদ ডেস্ক: এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজের ওপর হত্যাচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শনিবার (৬ সেপ্টেম্বর) এক বিবৃতিতে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জাতীয় নেতৃবৃন্দের ওপর ধারাবাহিক হামলা দেশকে অস্থিতিশীল করার নীলনকশার অংশ। তিনি উল্লেখ করেন, এর আগে গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নূর এবং জাগপার (একাংশ) সভাপতি, মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের ওপরও একই উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। ববি হাজ্জাজের ওপর হামলাও সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ।
অধ্যাপক পরওয়ার বলেন, “জুলাই আন্দোলনের পর এ ধরনের সন্ত্রাসী হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফ্যাসিবাদ বিদায় নিলেও তাদের সহযোগীরা রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। বিশেষ করে দেশ যখন নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে, তখন এ ধরনের ঘটনা জাতির জন্য অশনি সংকেত।”
তিনি অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।



