
পর্যটন সংবাদ ডেস্ক: ঋণের নামে ৫০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রলয় কুমার হালদার ও আরও ২২ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অভিযুক্তদের মধ্যে রয়েছেন রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মৈত্রেয়ী রানী বেপারী, পরিচালক ডা. উদ্দাব মল্লিক, বাসুদেব ব্যানার্জি, মো. আবুল শাহজাহানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও কর্মকর্তা।
২০২১ সালের ১৪ নভেম্বর মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত শেষে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, দুর্নীতি প্রতিরোধ আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার্জশিট অনুমোদন করে দুদক।
পিকে হালদারের বিরুদ্ধে এর আগে থেকেই বিপুল অঙ্কের টাকা লুটপাট ও বিদেশে পাচারের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়কালেই আলোচিত এই কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে আসে। তার বিরুদ্ধে অর্ধশতাধিক মামলা দায়ের হয়, এবং ২০২২ সালে একটি মামলায় আদালত তাকে ২২ বছরের কারাদণ্ডে দণ্ডিত করে।
দুদক বলছে, নতুন এই চার্জশিটের মাধ্যমে পিকে হালদার ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও জোরদার হবে।



