ঈদ আনন্দে উচ্ছ্বসিত নরসিংদীর ড্রিম হলিডে পার্ক, দর্শনার্থীদের ঢল নেমেছে

নিজস্ব প্রতিবেদক। পর্যটন সংবাদ : পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে নরসিংদীর অন্যতম জনপ্রিয় বিনোদন কেন্দ্র ড্রিম হলিডে পার্ক দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। ঈদের দিন থেকেই পাঁচদোনা চৈতাব এলাকায় অবস্থিত এই পার্কটি পরিণত হয়েছে আনন্দের মিলনমেলায়।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে প্রায় ৬০ একর জমির ওপর গড়ে ওঠা আধুনিক এই বিনোদন কেন্দ্রে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ প্রবেশ টিকিট ৩৫০ টাকা এবং ৩-৮ বছরের শিশুদের জন্য ২৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। ওয়াটার পার্কে প্রবেশ মূল্য যথাক্রমে ৪৫০ ও ৩৫০ টাকা।

ঈদের আমেজকে আরও প্রাণবন্ত করতে পার্কজুড়ে নেওয়া হয়েছে বিশেষ সাজসজ্জা। কিডস জোন, বুলেট ট্রেন, স্কাই ট্রেন, রোলার কোস্টার, সোয়ান বোট, ওয়াটার বোট, ক্রেজি রিভার, লেজি রিভারসহ ৩০টিরও বেশি রাইডে চড়ে দর্শনার্থীরা উপভোগ করছেন ঈদের আনন্দ। এবারের নতুন আকর্ষণ ‘সি ওয়ার্ল্ড’ ও ‘ড্রিম রিভার ক্যাব’ দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করছে।

সি ওয়ার্ল্ডে সমুদ্রের নিচের জীববৈচিত্র্য দেখার পাশাপাশি ড্রিম রিভার ক্যাবে দর্শনার্থীরা মিশরের পিরামিড, আগ্নেয়গিরি, সুন্দরবনের প্রাণী এবং উপজাতি জীবনযাত্রার অভিজ্ঞতা লাভ করছেন। আদর্শ গ্রামে ১৯৫০-এর দশকের গ্রামীণ বাংলার জীবনধারা উপস্থাপনও ব্যাপক সাড়া ফেলেছে।

ঢাকার উত্তরা থেকে আসা দর্শনার্থী ফারজানা বেগম বলেন, “পরিবার ছাড়া ঢাকায় ঈদ করায় আনন্দ ভাগাভাগি করতে এখানে চলে এসেছি। অনেকদিন ধরে আসার ইচ্ছা ছিল।”
কাঁচপুর থেকে আসা সুমাইয়া জানান, “প্রতিবছরই এখানে আসি। এবার ‘সি ওয়ার্ল্ড’ সবচেয়ে ভালো লেগেছে।”

পার্কের ব্যবস্থাপনা পরিচালক প্রবীর কুমার সাহা বলেন, “প্রতি ঈদে দর্শনার্থীদের চাহিদা অনুযায়ী নতুন রাইড যুক্ত করার চেষ্টা করি। এবার দুটি নতুন আকর্ষণ যোগ হয়েছে। নিরাপত্তার বিষয়টিকেও আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি।”

ঈদ উপলক্ষে নরসিংদীর অন্যান্য বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। স্থানীয়রা মনে করেন, দেশের ভেতরে পর্যটন কেন্দ্রগুলো ঘুরে বেড়ালে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি দেশীয় পর্যটন শিল্প আরও শক্তিশালী হবে।

Read Previous

ফাহমিদা আখতারকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নতুন সচিব নিয়োগ

Read Next

বান্দরবানে পর্যটকের ঢলে জ্বালানি সংকট তীব্র: ছুটির আনন্দে ছায়া, ফিরতে বাধ্য হচ্ছেন অনেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular