ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের পদত্যাগ

পর্যটন সংবাদ ডেস্ক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ অবশেষে পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ইসলামী ব্যাংকের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ৫ আগস্ট ইসলামী ব্যাংকের পর্ষদ বিলুপ্ত করে ২২ আগস্ট নতুন পাঁচ সদস্যের একটি পরিচালনা পর্ষদ গঠন করে বাংলাদেশ ব্যাংক। নতুন পর্ষদে চেয়ারম্যান করা হয় রাষ্ট্রায়ত্ত সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদকে। জানা যায়, বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নরের সুপারিশে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তার বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপিত হতে থাকে। ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের (বিআরপিডি) দায়িত্বপ্রাপ্ত ডেপুটি গভর্নর ড. মো. কবির আহাম্মদ গত ৩ জুলাই তাকে জরুরি ভিত্তিতে ডেকে পাঠান এবং পদত্যাগের পরামর্শ দেন। একই সময়ে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়ার আলোচনা শুরু হয়।

সূত্রমতে, পদত্যাগ এড়াতে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বিভিন্ন মহলে লবিং চালিয়ে যান। এরই মধ্যে গত ১৫ জুলাই তাঁর ও পরিবারের ব্যাংক হিসাব তলব করে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। পরদিন ১৬ জুলাই ইসলামী ব্যাংকে বিশেষ অভিযান পরিচালনা করে সংস্থাটি। এতে জানা যায়, গত আগস্ট থেকে এ পর্যন্ত তিনি ব্যাংক থেকে কী ধরনের সুবিধা গ্রহণ করেছেন, এমনকি সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের ব্যয় ব্যাংকের কোনো খাত থেকে নিয়েছেন কিনা, সে বিষয়েও অনুসন্ধান চালানো হয়।

আরও জানা গেছে, তিনি এক মাসের যুক্তরাষ্ট্র সফরে গিয়েছিলেন বোর্ডের অনুমোদন ছাড়াই। শুধু মৌখিকভাবে একটি বৈঠকের কথা জানিয়ে তিনি ব্যাংকের প্রশাসনিক নিয়ম ভেঙে বিদেশে যান। অথচ পরিচালনা পর্ষদের সদস্যদের এসব বিষয়ে আনুষ্ঠানিক অনুমোদন নিতে হয়।

ব্যাংকের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা ও নিয়মনীতির ব্যত্যয়ের কারণে অবশেষে পদত্যাগের পথে হাঁটলেন ওবায়েদ উল্লাহ আল মাসুদ। ব্যাংকিং খাতে এই ঘটনাটি বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

-নিজস্ব প্রতিবেদক

Read Previous

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা ঘিরে উত্তেজনা, আওয়ামী লীগ–নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মীসহ আটক ২০

Read Next

বর্ষায় সৌন্দর্য ছড়িয়ে পড়ে দেশজুড়ে: প্রকৃতির সান্নিধ্যে ঘুরে আসুন নয়নাভিরাম ৫ স্থান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular