
পর্যটন সংবাদ ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই মাসের পদযাত্রাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন এলাকায় সংঘটিত নাশকতা, সড়ক অবরোধ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে। এই ঘটনায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীসহ মোট ২০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
বুধবার (১৬ জুলাই) দুপুর থেকে শুরু হয়ে বৃহস্পতিবার (১৭ জুলাই) পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব আটক কার্যক্রম পরিচালিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ড. রুহুল আমিন সরকার।
তিনি জানান, “গতকাল থেকে আজ পর্যন্ত সেনাবাহিনী ১৫ জন এবং পুলিশ ৫ জনকে আটক করেছে। তাদের সবাইকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলছে।”
এদিকে প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে সূত্র বলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এনসিপির ঘোষিত পদযাত্রাকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরেই গোপালগঞ্জ জেলায় উত্তেজনা বিরাজ করছে। কয়েকটি এলাকায় সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা বাড়ছে।



